রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৩ ভর্তিচ্ছু
রাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
রাবির ‘বি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) নিয়ে গঠিত ‘বি’ ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ ৫ বিভাগীয় শহরে একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শিফটে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই এক ঘণ্টার এমসিকিউ ভিত্তিক পরীক্ষা।
এই ইউনিটে বরাদ্দকৃত আসন ৫৮৪ টি। এর বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮৮৬ জন। সেই হিসাবে আসনপ্রতি লড়াই করবেন ৫৩ জন ভর্তিচ্ছু।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৯টা থেকেই ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সোয়া ১০টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোয় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
‘বি’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদে ৫৪০টি আসন ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ৪৪ টি আসন আছে।
দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ব্যতীত পাঁচটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশালে বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এর আগে গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল (শুক্রবার) প্রকাশ করা হয়েছে।

