Logo
Logo
×

শিক্ষাঙ্গন

হাবিপ্রবিতে এক শিফটের প্রশ্নপত্র দিয়ে অন্য শিফটে পরীক্ষা!

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

হাবিপ্রবিতে এক শিফটের প্রশ্নপত্র দিয়ে অন্য শিফটে পরীক্ষা!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তৃতীয় শিফটের পরীক্ষায় ভুলক্রমে দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র সরবরাহ করা হয় টিএসসি ভবনের ৪০২ নম্বর কক্ষে। এতে পরীক্ষাটি শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় চরম উদ্বেগ ও বিভ্রান্তি।

এক পরীক্ষার্থী জানান, আমি তৃতীয় শিফটের পরীক্ষার্থী হলেও ভুল করে দ্বিতীয় শিফটের প্রশ্নে পরীক্ষা দিয়েছি। এখন কী করণীয়?

এ বিষয়ে ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন বলেন, প্রশ্নপত্রে কোনো শিফট উল্লেখ নাই। এমনভাবে প্রশ্ন করা হয়েছে যেন যেকোনো প্রশ্ন দিয়ে যেকোনো শিফটের পরীক্ষা নেওয়া যায়। প্রশ্নফাঁসের মতো কোনো ঘটনা ঘটলে যেন আমরা সঙ্গে সঙ্গে রিপ্লেস করতে পারি— এজন্য আমরা অনেক সেট প্রশ্ন করেছি। প্রশ্নের খামের ওপর হয়তো কোনোভাবে অন্য শিফট লেখা থাকতে পারে (A2/A3), এটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।

রোল নম্বর ১২২৫৫২ থেকে ১২২৯১১ পর্যন্ত পরীক্ষার্থীরা এ বিভ্রাটের শিকার হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সংশ্লিষ্টরা ঘটনাটিকে ‘মিস ইন্টারপ্রেটেশন’ হিসেবে দেখছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম