Logo
Logo
×
   

আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:২১ এএম

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

নুরিস্তানের প্রধান শহর পারুনে হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ে। ছবি: সংগৃহীত

মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন ৮০ জনের বেশি। এ ছাড়া কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সোমবার (২০ জুলাই) নুরিস্তানের প্রধান শহর পারুনে হঠাৎ বন্যার পানি ঢুকে পড়ে। এতে বহু বাড়িঘর, হোটেল ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। 

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে পারুন ও নুরিস্তানের অন্যান্য এলাকার বাসিন্দারা রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রাদেশিক রাজধানীর মেয়র এবং কয়েকজন সরকারি কর্মচারীও আছেন বলে গভর্নরের কার্যালয় জানিয়েছে।

নিখোঁজদের খুঁজে বের করতে এবং মরদেহ উদ্ধারে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।


স্থানীয় বেসরকারি সংস্থা শপৌল’র প্রধান আশিকুল্লাহ সাফি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্যায় পারুন পৌর এলাকা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রবল স্রোত শহরে বড় বড় পাথর ও ধ্বংসস্তূপ ছড়িয়ে দিয়েছে। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজার চেষ্টা করছেন।

প্রতিবছর বর্ষা মৌসুমে নুরিস্তান প্রদেশে বন্যা দেখা দিলেও এবার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে।


চলতি বছরের জুন থেকে শুরু হওয়া বর্ষায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি হয়েছে। সোমবার ভারতের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রতিবেশী নেপালে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে জুনের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ২৭ জন নিহত, একজন নিখোঁজ এবং ৬৯ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের পরিবেশ সংরক্ষণ সংস্থার প্রধান মাওলভি মাতিউল হক খালিস সম্প্রতি সতর্ক করে বলেছেন, দেশে বন্যার ঘটনা বেড়ে গেছে এবং পরিবেশগত সংকট মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .