ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা বাঁচান ১০ কৌশলে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডকে শুধু খরচের উপায় হিসেবে দেখলেও ১০টি কৌশল করলে টাকা বাঁচানো যায়।এরজন্য প্রয়োজন একটু দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। একটু বুদ্ধি খাটালেই আপনি কার্ডের মাধ্যমে পেতে পারেন পুরস্কার, ক্যাশ ব্যাকসহ আরও নানান সুবিধা।
দেশে এখন ভিসা, মাস্টারকার্ড, অ্যামেরিকান এক্সপ্রেসসহ বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ড আছে। যে ১০ কৌশলে আপনি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা বাঁচাতে পারবেন জেনে নিন-
১. মোবাইল রিচার্জে ক্যাশব্যাক নিন: বেশির ভাগ ব্যাংক কার্ড দিয়ে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) রিচার্জ করলে ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যায়।
২. সুপারশপে ছাড় খুঁজুন: আগোরা, স্বপ্ন, মীনাবাজারসহ বিভিন্ন সুপারশপে নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে বাজারসদাই করলে ছাড় দেওয়া হয়। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে এই ছাড় পাওয়া যায়।
৩. রেস্তোরাঁর অফার ব্যবহার করুন: অনেক ব্যাংকের কার্ডে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অভিজাত এলাকায় রেস্তোরাঁয় খাবারের বিলে ছাড় দেয়।তাই বাইরে খাওয়ার আগে কোন কার্ডে অফার আছে, দেখে নিন। আবার কিছু অভিজাত ও তারকা হোটেলের রেস্তোরাঁয় ‘বাই ওয়ান, গেট ওয়ান’ কিংবা ‘বাই ওয়ান, গেট টু’- অফারও থাকে। সে সুবিধাও নিতে পারেন।
৪. ই-কমার্স প্ল্যাটফর্মে কার্ড ব্যবহার করুন: দারাজসহ দেশের বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা করুন কার্ড ব্যবহার করে। তবে তার আগে একটু দেখি নিন কোথায় কী ছাড় আছে। কারণ, বিভিন্ন ব্যাংক কার্ডে কেনাকাটা করলে ছাড় পাওয়া যায়। এতে আপনার টাকা বাঁচবে।
৫. সুদবিহীন ইএমআই অফার নিন বড় কেনাকাটায়: পরিবারের প্রয়োজনে ফ্রিজ, টিভি, মোবাইল বা আসবাবপত্র- এমন বড় কেনাকাটায় সুদবিহীন ইএমআই অফার সুবিধা নিন।অনেক ব্যাংকের ক্রেডিট কার্ডে ২-৩ মাসের জন্য সুদবিহীন কিস্তি সুবিধা আছে। আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে বড় অঙ্কের বিল পরিশোধ করতে পারেন। ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার সময় সুবিহীন কিস্তির সুযোগ নিতে পারেন।
৬. এয়ারলাইনের টিকিটে ছাড় সুবিধা নিন: ভ্রমণ করার সময় আগে থেকেই পরিকল্পনা করুন। খোঁজ নিন, কোন এয়ারলাইন টিকিটে কবে, কত ছাড় দিয়েছে। সে অনুযায়ী, ভ্রমণ পরিকল্পনা ঠিক করুন।এতে অনেক খরচ বেঁচে যাবে। বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ারসহ বিভিন্ন এয়ারলাইনের টিকিটে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় থাকে। তবে মনে রাখবেন, এই ছাড় টিকিটের ভিত্তি ভাড়ার ওপর। করের টাকা বাদ দিয়ে এই হিসাব করা হয়।এছাড়া টিকিটে অনেক সময় কার্ডে ছাড় বা ইএমআই সুবিধাও থাকে।
৭. হোটেল-রিসোর্টে ছাড় কাজে লাগান: কোথাও ঘুরতে যাবেন?- আগে থেকেই খোঁজ নিন, কোথায় কার্ড ব্যবহার করে ছাড় পাওয়া যাবে। বিভিন্ন ব্যাংক কার্ড ব্যবহার করে দেশ-বিদেশের হোটেলে ছাড় পাওয়া যায়। কোনো কোনো কার্ডে ৫০ থেকে ৬০ শতাংশও ছাড় পাওয়া যায়। সাধারণত অফ সিজনে এই ছাড়ের পরিমাণ বেশি থাকে। তাই কোথাও ঘুরতে যাওয়ার আগে ভালোভাবে খোঁজ নিন।
৮. বার্ষিক মাশুল মওকুফ নিশ্চিত করুন: অনেক ব্যাংক তাদের ক্রেডিট কার্ডে নির্দিষ্ট পরিমাণ খরচ করলে বার্ষিক ফি নেয় না। যেমন- বছরে ৫০ হাজার টাকার বেশি খরচ করলে কিংবা ৬ থেকে ১২ কিংবা নির্দিষ্টসংখ্যক কেনাকাটা করলে ক্রেডিট কার্ডের মাশুল ফি মওকুফ করা হয়। এতে বছর শেষে আপনার টাকা বেঁচে যায়।
৯. হাসপাতালে ছাড় কাজে লাগান: স্কয়ার, ল্যাবএইড, ইউনাইটেড হাসপাতালসহ দেশের নামিদামি বেসরকারি হাসপাতালে বিল পরিশোধে ব্যাংক কার্ডে ছাড় পাওয়া যায়। এতে আপনার কিছু টাকা বেঁচে যাবে, যা চিকিৎসা ব্যয়ে বেশ সহায়ক হবে।
১০. উৎসব অফার নিন: ঈদ, পূজা, নববর্ষসহ বিভিন্ন উৎসবে সব ব্যাংকই শপিং, অনলাইন কেনাকাটা ও ভ্রমণে বিশেষ ছাড় বা ক্যাশব্যাক অফার দেয়। সেটি মিস করবেন না। এতে আপনার অনেক টাকা সাশ্রয়ী হবে।
