Logo
Logo
×

রূপচর্চা

শীতে সৌন্দর্য অটুট রাখতে ভ্রুর যত্ন নেবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

শীতে সৌন্দর্য অটুট রাখতে ভ্রুর যত্ন নেবেন যেভাবে

ফাইল ছবি

শীতে আপনার ভ্রুর যত্ন চাই অধিক। কারণ শীতে ত্বকের সঙ্গে সঙ্গে ভ্রুতেও প্রভাব পড়ে বেশি। ঠান্ডা হাওয়া, কম আর্দ্রতা আর গরম পানির ব্যবহার—সব মিলিয়ে ভ্রুর লোম রুক্ষ হয়ে যায়, ভেঙে পড়ে এবং ফাঁকা দেখাতেও শুরু করে। তাই শীতের দিনে ভ্রু তেল ব্যবহার করা শুধু সৌন্দর্যের জন্য নয়, আপনার ভ্রুর স্বাস্থ্যের জন্যও ভীষণ জরুরি।

শীতে ত্বকের প্রাকৃতিক তেল উৎপাদন কমে যায়। এর ফলে ভ্রুর গোড়া শুষ্ক হয়ে পড়ে, চুল দুর্বল হয় এবং অল্প টানেই উঠে আসে। আপনি নিয়মিত ভ্রু তেল ব্যবহার করলে ভ্রুর গোড়ায় পুষ্টি পৌঁছায়, রক্তসঞ্চালন বাড়ে এবং নতুন লোম গজানোর পরিবেশ তৈরি হয়। আর ভ্রু তেল ভ্রুর লোমকে নরম রাখে, ফ্রিজি ভাব কমায় এবং ভ্রুকে স্বাভাবিক উজ্জ্বলতা দেয়। যারা নিয়মিত মেকআপ করেন কিংবা ভ্রু পেন্সিল ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ভ্রু তেল আরও জরুরি। কারণ এটি কেমিক্যালের ক্ষতি থেকে ভ্রুকে রক্ষা করে থাকে।

আপনি চাইলে বাড়িতেই ভ্রু তেল বানিয়ে নিতে পারেন। বাজারের তেলে অনেক সময় কৃত্রিম সুগন্ধি কিংবা প্রিজারভেটিভ থাকে, যা সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঘরোয়া উপায়ে ঘরে বসেই তৈরি করুন ভ্রু তেল, যা নিরাপদ ও কার্যকর।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসে ভ্রু তেল বানাবেন—

উপকরণ

ক্যাস্টর অয়েল ২ চা চামচ। নারিকেল তেল ১ চা চামচ। বাদাম তেল ১ চা চামচ। ভিটামিন ই ক্যাপসুল ১টি।

প্রণালি

একটি পরিষ্কার কাচের বাটিতে সব তেল ভালো করে মিশিয়ে নিন। এরপর শেষে ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলে মিশিয়ে দিন। এবার একটি ছোট কাচের বোতলে ভরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখলে এই তেল ২–৩ মাস ভালো থাকে।

এখন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। পরিষ্কার মাশকারা ব্রাশ বা তুলোর কাঠি দিয়ে অল্প পরিমাণ তেল ভ্রুর গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে দিন। হালকা হাতে ১-২ মিনিট ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৪–৫ দিন ব্যবহার করলে ৩–৪ সপ্তাহের মধ্যেই ভ্রু ঘন ও স্বাস্থ্যবান দেখাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম