Logo
Logo
×

লাইফ স্টাইল

মনে শুধু প্রেম থাকলেই চলবে না, চাই মেহেদির গাঢ় রঙ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম

মনে শুধু প্রেম থাকলেই চলবে না, চাই মেহেদির গাঢ় রঙ

রঙের কোনো শেষ নেই। বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়া আর পার্টিতে যাওয়া কিংবা প্রেম-ভালোবাসায় মেতে থাকা। জীবন চলার পথে প্রেমে বহু রঙ রয়েছে। কিন্তু মনে শুধু প্রেম থাকলেই চলবে না, চাই মেহেদির রঙও, যা আপনার সৌন্দর্যকে পরিপূর্ণ করে তুলবে। আর সে জন্য ব্যবহার করুন মেহেদির রঙ। 

অনেক সময় ভালো মেহেদি ব্যবহার করেও রঙ হালকা হয়ে যায়। কয়েকটি ভুল পদক্ষেপ এর প্রধান কারণ। কিছু সহজ কৌশল মানলে খুব সহজেই মেহেদির রঙ গাঢ় ও দীর্ঘস্থায়ী করা সম্ভব।  বিয়ে কিংবা সংগীত বা জীবনের বিশেষ দিনে হাতে মেহেদি পরার চল আগের থেকে অনেকটাই বেড়েছে। কিন্তু সুন্দর নকশার পাশাপাশি সবার একটাই চাহিদা—মেহেদির রঙ যেন গাঢ় হয়। এমনকি মজা করে বলাও হয়— যার মেহেদির রঙ যত গাঢ় হবে, তার বর তাকে তত বেশি ভালোবাসবে। 

জেনে নিন এমন কয়েকটি টিপস—

১. প্রাকৃতিক মেহেদি ব্যবহার করুন

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেহেদির গুণমান। কেমিক্যাল মিশ্রিত কিংবা ফাস্ট কালার মেহেদি সাময়িক রঙ দিলেও গাঢ় হয় না। খাঁটি ও প্রাকৃতিক মেহেদি পাউডার ব্যবহার করলে রঙ ধীরে ধীরে ধরে অনেক বেশি গাঢ় হয়। সে জন্য কেনার সময় দেখে নিন পাউডারের রঙ যেন সবুজাভ হয় এবং তাতে কৃত্রিম সুগন্ধ না থাকে।

২. মেহেদি লাগানোর আগে ত্বক পরিষ্কার করুন

মেহেদি লাগানোর আগে হাতে বা পায়ে কোনো তেল, ক্রিম বা লোশন থাকলে চলবে না। এসব থাকলে ত্বক মেহেদির রঙ ঠিকমতো শোষণ করতে পারে না। হালকা সাবান দিয়ে হাত-পা ধুয়ে ভালো করে শুকিয়ে নিলেই রঙ অনেক বেশি গাঢ় হবে।

৩. মেহেদি বেশি সময় ধরে শুকানো

তাড়াহুড়ো করে মেহেদি তুলে ফেললে রঙ কখনই ভালো হবে না। অন্তত ৩–৪ ঘণ্টা সম্ভব হলে রাতভর মেহেদি রেখে দিন। যত বেশি সময় মেহেদি ত্বকে থাকবে, তত বেশি রঙ গাঢ় হবে। শুকিয়ে গেলেও ঝরিয়ে ফেলবেন না, ধৈর্য ধরুন।

৪. লেবু-চিনির মিশ্রণ ব্যবহার করুন

মেহেদি শুকিয়ে এলে তুলায় কিংবা ব্রাশে লেবুর রস ও চিনি মিশিয়ে হালকা করে লাগিয়ে দিন। এতে মেহেদি আর্দ্র থাকবে এবং ত্বকের সঙ্গে ভালোভাবে বসে যাবে। ফলে রঙ আরও গভীরে বসে গাঢ় হবে। তবে অতিরিক্ত ভেজাবেন না, নকশা নষ্ট হয়ে যেতে পারে।

৫. মেহেদি তোলার পর পানি এড়িয়ে চলুন

মেহেদি তুলে ফেলার পর অন্তত ১২ ঘণ্টা পানি ব্যবহার না করাই ভালো। পানি লাগলে রঙ হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেহেদি খোঁচা দিয়ে কিংবা শুকনো কাপড়ে ঘষে তুলে ফেলুন, কখনই পানি দিয়ে ধুয়ে ফেলবেন না।

৬. তাপ দিন

মেহেদি লাগানো হাত-পা হালকা গরমে রাখলে রঙ ভালো হয়। মেহেদি তোলার পর সরষের তেল কিংবা নারিকেল তেল হালকা গরম করে মালিশ করলে রঙ আরও গাঢ় হয়। কারণ তাপে মেহেদির রঞ্জক পদার্থ সক্রিয় হয়ে ওঠে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম