শীতকালে কোন ভুলে চুলের সমস্যা বাড়ে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শীতকালে আবহাওয়ার তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতাও কমে যায়। ফলে চুল হয়ে ওঠে রুক্ষ-খুসকো, দুর্বল আর ভঙ্গুর প্রকৃতির। তবে শীতে চুলের সমস্যার জন্য শুধু আবহাওয়াকেই দায়ী করলে চলবে না।
আসলে ঋতু বদলালেও আমরা অনেক সময় আমাদের দৈনন্দিন চুলের যত্নের অভ্যাস বদলাই না। আর সেখানেই শুরু হয় চুলের সমস্যা। শীতে চুলের যত্নে যে কয়েকটি ভুল আমরা করে থাকি, সেগুলো এড়াতে পারলেই চুল হয়ে উঠবে উজ্জ্বল আর ঘন।
চলুন জেনে নেওয়া যাক, কোন ভুলে চুলের সমস্যা তৈরি হয়—
শীতকালে খুব ঘন ঘন চুল ধোয়া এর অন্যতম কারণ। শীতে প্রাকৃতিক তেল এমনিতেই দ্রুত শুকিয়ে যায়। তার ওপর বারবার শ্যাম্পু করলে চুল আরও শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে। এতে স্প্লিট এন্ডস বাড়ে। তাই এ সময়ে সপ্তাহে দুবারের বেশি চুল ধোয়ার কোনো প্রয়োজন হয় না।
আর শীতকালে কন্ডিশনার এড়িয়ে চলেন। অনেকে চুল ভারি হয়ে যাবে ভেবে কন্ডিশনার ব্যবহার কম করে থাকেন। কিন্তু শীতে চুলের বেশি আর্দ্রতা দরকার। কন্ডিশনার না দিলে ফ্রিজ হয়ে যেতে পারে। রুক্ষতা ও চুলে ভাঙার সমস্যা বাড়ে।
আর শীতে মাথার ত্বকে খুশকির মতো সমস্যা দেখা দিলেও অনেকেই তা উপেক্ষা করে থাকেন। কিন্তু এর নেপথ্যে বড় কারণ হচ্ছে— ডিহাইড্রেশন। স্ক্যাল্প সুস্থ না হলে চুলের বৃদ্ধিও ব্যাহত হয়।
সেই সঙ্গে ভেজা চুল নিয়ে বাইরে বের হওয়া ঠিক নয়। কারণ ঠান্ডা বাতাসে ভেজা চুলের কিউটিকল স্তর শক্ত হয়ে যায়। ফলে চুল সহজেই ভেঙে পড়ে। তাই শীতে বাইরে যাওয়ার আগে চুল পুরো শুকনো করা জরুরি।
এ ছাড়া অতিরিক্ত হিট স্টাইলিং শীতের শুষ্ক বাতাসেই চুল চাপের মধ্যে থাকে। তার ওপর স্ট্রেটনার, কার্লার বা ব্লো ড্রায়ারের অতিরিক্ত তাপ চুলকে নিস্তেজ ও প্রাণহীন করে তোলে। আর অনেকে শীতে তেল এড়িয়ে যান, কিন্তু এ সময়েই চুলের পুষ্টি সবচেয়ে বেশি দরকার। নিয়মিত তেল বা হেয়ার মাস্ক না দিলে চুল শুষ্ক হয়ে পড়বে।
