Logo
Logo
×

বিচ্ছু

গ্যাসের সাক্ষাৎকার

‘গ্যাস দিয়ে মানে তৈল প্রদান করে আমার সাক্ষাৎকারটা ঠিকই নিয়ে নিলেন’

Icon

কমল আরেফিন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘গ্যাস দিয়ে মানে তৈল প্রদান করে আমার সাক্ষাৎকারটা ঠিকই নিয়ে নিলেন’

* এ মুহূর্তে আপনাকে নিয়ে ব্যাপক হইচই চলছে দেশে। শুরুতেই জানতে চাই, কেমন আছেন?

* আপনি তো প্রথমেই একটা মিসটেক করে ফেললেন। আপনার উচিত ছিল আমাকে স্যার ডাকা। আমার দামটা তো আপনাকে বুঝতে হবে।

* দুঃখিত স্যার! ভুল হয়ে গেছে, গোস্তাকি মাফ করবেন। এ যে আপনার হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেল, তাতে তো পাবলিকের খুব ভোগান্তি হচ্ছে।

* ভোগান্তি তো হবেই! যখন আমি পাইপ লাইনে এবং সিলিন্ডারে পর্যাপ্ত পরিমাণ থাকি তখন তো আমার কদর বোঝেন না। চুলা জ্বালিয়ে রেখে পায়ের মোজা পর্যন্ত আমাকে দিয়ে শুকিয়ে নেন। এইটা কী ঠিক?

* তা অবশ্য যথার্থ বলেছেন। গ্যাস সংকট মানে আপনার সংকট কাটাতে এখন পাবলিকের কী করা উচিত বলে মনে করেন?

* দেখেন, আপনারা ভেজাল খেয়ে আর অনিয়ম করে করে পেটটাকে এক একজন গ্যাসের কারখানা বানিয়ে ফেলেছেন। আপনাদের পেটেই তো গ্যাসের প্রচুর মজুদ আছে। এখন সেটা কাজে লাগালেই হয়।

* কী যে বলেন! এ দুঃসময়ে মজা নিচ্ছেন এইটা তো ঠিক না।

* হাসালেন আমাকে। ঠিক-বেঠিক শেখাচ্ছেন আমাকে এইটা খুব বেদনাদায়ক। আচ্ছা, আপনারা কোন কাজটা ঠিকমতো করেন আমাকে বলতে পারেন?

* ইয়ে মানে ঠিক বুঝতে পারলাম না। মানে একটু যদি ব্যাখ্যা করতেন বুঝতে সুবিধা হতো।

* এই যে আপনাদের দেশজুড়ে অবৈধ লাইন বা সংযোগ, সিলিন্ডার নিয়ে নানা সিন্ডিকেট আর কারসাজি এসব তো আমরা করি না। আপনারাই করেন। আমরা তো অবলা। নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে চাপাবাজি করে আর কতকাল চলবেন!

* হে হে হে...কী যে বলেন স্যার। চাপাবাজিই তো আমাদের বড় হাতিয়ার। আপনাকে মানে গ্যাস দিয়ে আমরা কত লোককে ফুলিয়ে ফাঁপিয়ে চাপাবাজি করে কাজ আদায় করে নিই সেই টেকনিক জানতে পারলে তো লোকজন আপনাকে সিলিন্ডারে বন্দি করতে পারত না।

* জানি তো। এ যে গ্যাস দিয়ে মানে তৈল প্রদান করে আমার সাক্ষাৎকারটা ঠিকই নিয়ে নিলেন, বিনিময়ে আমি কী পাব ভেবে দেখেছেন একবারও! জলদি আমার জন্য খাওয়া-দাওয়ার এন্তেজাম করেন। সঙ্গে হলুদ খামে হাজার টাকার নোটও রাখবেন। নইলে আমি আর কথাই বলব না।

* আপনার আর কথা বলে কাজ নেই। আমার যা জানার আমি জেনে নিয়েছি। আপনি এখন আসতে পারেন স্যার।

* কী বিচ্ছু! কী বিচ্ছু! বিদায়বেলায় একটা ধন্যবাদও তো দিতে পারেন।

* এই তো লাইনে চলে আসছেন। এখন থেকে ঠিক মতো লাইনে থাকবেন। মানে পাইপ লাইনে আর কি। আপনার জন্য রোজ গিন্নির ঝাড়ি খেতে পারব না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম