১ লাখ ১৫ হাজার ভোট ব্যবধানে জয় পেলেন সাচিং প্রু জেরী
বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পার্বত্য জেলা বান্দরবান ৩০০নং আসনে রেকর্ডসংখ্যক ভোটে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী।
জেলা নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, মোট ১৮৭ কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের মধ্যে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী সাচিং প্রু জেরী মোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী (এনসিপি) আবু সাঈদ মো. সুজাউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
তাছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট এবং ইসলামী আন্দোলনের আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট।
এদিকে পুরো বান্দরবানে ‘না’ ভোটও বিজয়ী হয়েছে। বান্দরবানে ‘না’ ভোট দিয়েছে ৮৯,৩৬৬ এবং ‘হ্যাঁ’ ভোট দিয়েছে ৬৮ হাজার ৮১৭।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
