শেরপুর-১: যে কারণে বিএনপির প্রার্থী প্রিয়াঙ্কার ভরাডুবি
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর-১ (সদর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের হাফেজ রাশেদুল ইসলাম। ভোটের অঙ্কে অনেক পিছিয়ে থাকলেও নিকটতম হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের বহুল আলোচিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
হাফেজ রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট। আর ধানের শীষ প্রতীকের প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। অন্যদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ভোট পেয়েছেন ৬২ হাজার ৪১৫ ভোট।
ধানের শীষ প্রতীকের এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মোট হয় ১ লাখ ৪০ হাজার ৭৫৭ ভোট। এক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হতেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিলুপ্ত জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এবং ইতিপূর্বে ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন। নির্বাচনের আগে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। যার ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তখন থেকেই দলের একটি মহল এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল যে শেষ পর্যন্ত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ নির্বাচনের মাঠে থাকলে ধানের শীষের প্রার্থী হয়তো জামায়াতের পার্থক্য আছে পরাজিত হবে। ভোট শেষে সেই শঙ্কাই সত্য হলো।
৪১ বছর পর শেরপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও দলীয় গ্রুপিংয়ের কারণে এবং একাধিক প্রার্থী থাকার কারণে শেরপুর সদর আসনটি এবারও হাতছাড়া হয়ে গেল বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
কারণ এ নির্বাচনে জেলা বিএনপির প্রায় অর্ধেক নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী মাসুদের পক্ষে কাজ করেছেন। এ কারণে কেন্দ্রীয় বিএনপি থেকে অনেক নেতা বিভিন্ন সময়ে বহিষ্কৃত হয়েছেন। তারপরেও বিএনপির এ দুই প্রার্থীকে বা বিদ্রোহী প্রার্থীকে ম্যানেজ করা সম্ভব হয়নি বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।
এ আসনে অন্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মাহমুদুল হক মনি ৭৫১ ভোট, এনসিপির লিখন মিয়া শাপলা কলি প্রতীকে ৪৫৬ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় পার্টির নেতা মো. ইলিয়াস উদ্দিন কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ২০৫।
