চবির ‘সি’ ইউনিটে আসনপ্রতি লড়েছেন ২৯ জন
চবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ। এতে আসন প্রতি লড়েছেন ২৯ জন পরীক্ষার্থী।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টায় এ তথ্য নিশ্চিত করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এ ইউনিটে মোট ৫১০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। এতে অংশগ্রহণ করেছেন ১৪ হাজার ৬৭৩ পরীক্ষার্থী। উপস্থিত ছিলেন ৮৭ শতাংশ শিক্ষার্থী।
ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে বিভাগ রয়েছে ছয়টি। অন্য ইউনিটগুলোর মতো এ ইউনিটের পরীক্ষাও তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বরে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।
এ বছর চারটি ইউনিট ও তিনটি উপইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী।
