Logo
Logo
×

শিক্ষাঙ্গন

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, তদন্তে কমিটি গঠন ইবি প্রশাসনের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, তদন্তে কমিটি গঠন ইবি প্রশাসনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করা ব্যক্তিদের চিহ্নিত করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

কমিটিতে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলীকে আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রবিউল হক। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। 

জানা যায়, গত ৩০ মার্চ রাতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি ফেসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমরা অবশ্যই বাকস্বাধীনতা চাই; কিন্তু এমন বাকস্বাধীনতা চাই না, যার মাধ্যমে মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে অতিদ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে তারা এমন ধৃষ্টতা দেখানোর সাহস আর কখনো না করে।

তদন্ত কমিটির আহ্বায়ক ড. শাহজাহান আলী বলেন, মঙ্গলবার আমরা চিঠি পেয়েছি। বিষয়টি নিয়ে দ্রুত বৈঠক ডাকা হবে। টেকনিক্যাল ও আইনি— দুই দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট প্রদানের চেষ্টা করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম