Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

নবীন শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়াতে ঢুকতে না দেওয়ার অভিযোগ

Icon

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

নবীন শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়াতে ঢুকতে না দেওয়ার অভিযোগ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতেই ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

জানা যায়, বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া খাবার নিয়ে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়াতে ঢুকতে গেলে বাধা দেয় ক্যাফেটেরিয়ার পরিচালক। ফলে বাইরে বসে খাবার খেতে বাধ্য হয় নবীন-শিক্ষার্থীরা

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাপ্লাইড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের এক নবীন শিক্ষার্থী বলেন, আমরা কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে খাবার খেতে গেলে আমাদের ভেতরে যেতে নিষেধ করা হয়। বলা হয় বাইরের খাবার ক্যাফেটেরিয়ার ভিতরে বসে খাওয়া যাবে না। যা শুনে আমরা সেখান থেকে চলে আসতে বাধ্য হই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে যবিপ্রবির এক শিক্ষার্থী রহমান রাইয়ান বলেন, ১ম বর্ষের একজন শারীরিক অসুস্থ শিক্ষার্থী আসছিলেন। তার সঙ্গে একজন বয়স্ক অভিভাবক ছিলেন। তাদেরও বসতে দেয়নি। মনুষ্যত্ব বলতেও কিছু নেই এদের। 

একই পোস্টের কমেন্টে নবীন এক শিক্ষার্থী মো. আল আমিন হোসেন বলেন, আমরা অনেকবার অনুরোধ করছি; কিন্তু ভেতরে যেতে দেয়নি। পরে বাধ্য হয়ে হলের ডাইনিংয়ে যাওয়া লাগছে। এটা ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা।

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুজাহিদ ইফফু বলেন, আমি যখন ক্যাফেটেরিয়াতে ঢুকি তখন দেখি কিছু নবীন শিক্ষার্থীকে ক্যাফেটেরিয়ার পরিচালক ক্যাফেটেরিয়াতে ঢুকতে বাধা দিচ্ছেন এবং বলছেন বাইরের খাবার নিয়ে এখানে ঢোকা যাবে না। পরবর্তীতে এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাকে বলেন- এটা আমার ব্যবসার গুরুত্বপূর্ণ সময় এখন সবাইকে যদি আমার ক্যাফেটেরিয়া ছেড়ে দেই তাহলে আমি ব্যবসা করব কখন। 

তবে শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্যাফেটেরিয়া পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিক্ষার্থীদের খাবার গ্রহণে কখনই কোনো বাধা দেওয়া হয়নি। বরং অনেকেই সেখানে বসে খাবার খেয়েছেন। ক্যাফেটেরিয়ায় অতিরিক্ত ভিড় এড়াতেই কেবল উপরের তলা বা বাইরের স্থান ব্যবহারের অনুরোধ করা হয়েছিল। আমার বিরুদ্ধে আসা অভিযোগটি পুরোপুরি একটি ভুল বোঝাবুঝি ছিল।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় যে কেউ বাইরের খাবার নিয়ে বসে খেতে পারে। এতে কেউই বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। ওরিয়েন্টেশনের পরই নবীন শিক্ষার্থীদের ক্যাফেটেরিয়াতে ঢুকতে না দেওয়ার বিষয়টি খুবই নিন্দনীয় ঘটনা। আমি বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। দ্রুতই আমরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .