র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি ভিসির ব্যতিক্রমী উদ্যোগ
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারও শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নতুন পরিবেশ, নিয়ম-কানুন ও ক্যাম্পাস সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরুতে অনেকেরই কিছুটা অসুবিধা হয়।
এ পরিস্থিতিকে পুঁজি করে প্রতি বছর কিছু অসচেতন সিনিয়র শিক্ষার্থী অতীতে র্যাগিংয়ের মতো অমানবিক ও দণ্ডনীয় কর্মকাণ্ডকে নতুনদের সঙ্গে পরিচিতি ও শিষ্টাচার শেখানোর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করে।
অথচ র্যাগিং ছাড়াও একটি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিত করে তোলা সম্ভব।
এ বাস্তবতাকে সামনে রেখে র্যাগিংয়ের বিকল্প হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য আগামী ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী গ্রুমিং প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম জানান, এ প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আগামী চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনের করণীয়, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, সিনিয়র-জুনিয়র যোগাযোগ, কার্যকর পড়াশোনার কৌশল, আবাসন, শিষ্টাচার এবং ক্যাম্পাস জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবসম্মত দিকনির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুরু থেকেই সঠিক দিকনির্দেশনা পেয়ে একটি সুন্দর ও সফল বিশ্ববিদ্যালয় জীবন গড়ে তুলতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেক নেটিজেন এটিকে র্যাগিংমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে সময়োপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
