Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন।

অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে নির্বাচনের তারিখ ঠিক রাখা হয়েছে।

এ পর্যন্ত মোট ৬ বার পুনর্বিন্যাস হয়েছে রাকসুর তফশিল। সবশেষ সংশোধন অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১০ তারিখ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর ১৩ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে গত রোববার রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করে শাখা ছাত্রদল। এ সময় শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে এলে ছাত্রদলের বাধার মুখে পড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে দুপুরে শাখা ইসলামী ছাত্রশিবির মনোনয়নপত্র সংগ্রহ করতে এলে শিক্ষার্থী ও ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের আবারও উত্তেজনার পর ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এ ঘটনায় সব পক্ষের অন্তত ১০ জন আহত হন।

একই দিন সন্ধ্যায় উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সভা ডাকে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ সভার শুরুতে হট্টগোলের কারণে 'ওয়াক আউট' করে বেরিয়ে যায় ছাত্রদল, বাম সংগঠন এবং শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম