চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ২৫ বাস আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ২৫টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত রাজধানী পরিবহণ কোম্পানির ২৫ বাস আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন স্থানে রেখেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় এ আটক কার্যক্রম।
ভুক্তভোগী শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী হালিমা খাতুন।
হালিমা খাতুনের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাল ৫টা ৪০ মিনিটে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা থেকে রাজধানী পরিবহণের একটি বাস থেকে হালিমাকে চলন্ত অবস্থায় ফেলে দেয়। এতে তিনি প্রচন্ড ব্যথা পান এবং পা মচকে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুন বলেন, সন্ধ্যায় আমি টিউশন শেষ করে পাকিজা থেকে বাসে উঠতে যাওয়ার সময় হেলপার আমাকে জিজ্ঞেস করে, কোথায় যাব? আমি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনে আমাকে বাসে উঠাতে অস্বীকৃতি জানায় এবং চলমান বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি। এখন হাসপাতালে অবস্থান করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম অধ্যাপক রাশিদুল আলম বলেন, আজকের যে ঘটনা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে হয়েছে সেটি অত্যন্ত অমানবিক। আমার সঙ্গে ইতোমধ্যে বাস মালিকের কথা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে মিটিং হবে। আলোচনা শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
