Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

জাককানইবিতে ব্রাজিলের পরাজয়ে হাসপাতালে ভর্তি ২ শিক্ষার্থী

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম

জাককানইবিতে ব্রাজিলের পরাজয়ে হাসপাতালে ভর্তি ২ শিক্ষার্থী

ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দুই শিক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

তারা হলেন ২০২১-২০২২ সেশনের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাশরুফা শারমীন অ্যানি এবং একই বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান তুষার। অ্যানি ও তুষার বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (এফএমএস) বিভাগের সভাপতি ও সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, অ্যানি ম্যাচ শেষে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং পরপর পাঁচবার বমি করেন। পরে তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে তুষারও ম্যাচের ফলাফলে মানসিকভাবে ভেঙে পড়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে সহপাঠীরা দ্রুত তাকে একই হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সোহেল রানা জানান, প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে তাকে ইনজেকশন ও স্যালাইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। রক্তচাপ কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে ব্রাজিলের পরাজয়ের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। শিক্ষার্থীদের অনেকেই বলছেন, ফুটবল নিয়ে আবেগ থাকলেও তা যেন ব্যক্তিগত স্বাস্থ্য বা স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব না ফেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .