Logo
Logo
×
   

ক্যাম্পাস

ইবিতে ৪৪ শিক্ষকের ‘রাষ্ট্রবিরোধী’ গোপন কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম

ইবিতে ৪৪ শিক্ষকের ‘রাষ্ট্রবিরোধী’ গোপন কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ গোপন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ১২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটি গঠন করেছে প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক ইসরাফুল হককে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ড. সাজ্জাত হোসেন। 

এছাড়া কমিটির কার্যপরিধিতে ইবির শিক্ষকগণ বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কিনা তা অনুসন্ধানের বিষয়টি উল্লেখ করা হয়। 

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, আগামী রোববার থেকে কাজ শুরু করব। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করব।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের নাম প্রকাশ করা হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .