‘অছাত্ররা রাজনীতি নয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন করুন’
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি করার যে অধিকার, সেটা শুধু ছাত্রদের জন্য এবং নিয়মিত ছাত্রদের জন্য হওয়া দরকার। এটি শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত। আপনাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, আপনারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করে আপনারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে এসব কথা বলেন অধ্যাপক ড. বিলাল হোসাইন।
তিনি বলেন, একটি ক্যাম্পাসকে সুস্থ ও সুন্দরভাবে পরিচালনা করতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ যারা নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, তাদেরই ক্যাম্পাসের কর্মকাণ্ডে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে অছাত্রদের ক্যাম্পাসে আসা-যাওয়া ও নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে রাজনীতি করার প্রবণতা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, গত ৪ তারিখে দিনভর এখানে মারামারি হলো, সংঘর্ষ হলো; সেটি নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রক্টোরিয়াল বডি কি দায়িত্ব যথাযথ পালন করেছে কিনা- এই প্রশ্ন আমি আজকে আপনাদের মাধ্যমে করতে চাই।
বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অধ্যাপক বিলাল বলেন, এই বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। যারা এই প্রশাসনিক পদে থেকেও যথাযথভাবে দায়িত্ব পালন করেনি, তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ৪ তারিখ এবং এদিন সন্ধ্যার পর থেকে বা ওই সময়টাতে, আমাদের একটা ভিন্ন চিত্র সামনে তুলে ধরেছে। বিশেষ করে- আমি একটা কথা এখানে পরিষ্কার করে বলতে চাই, হাসপাতালে আক্রমণ করা, একাধিকবার আক্রমণ করা। এটি বাংলাদেশের চব্বিশের জুলাই বিপ্লবের পরবর্তী বাস্তবতার পর কখনোই মেনে নেওয়ার মতো নয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার উল্লেখ করে অধ্যাপক বিলাল বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষে নিয়ে যেতে চাই। এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, মানুষের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।
এর আগে গত মঙ্গলবার বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের প্ল্যাকার্ড প্রদর্শনী কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন আহত হন বলে জানা যায়।
