Logo
Logo
×

রাজধানী

হাইকোর্টের আদেশে স্থগিত বায়রা নির্বাচন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

হাইকোর্টের আদেশে স্থগিত বায়রা নির্বাচন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী খান মাহমুদুল হাসান।  ফলে আগামী ১৭ জানুয়ারি আপাতত বন্ধ থাকছে বায়রার নির্বাচন। 

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। 

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসনকে এ চিঠি দেয়।

যদিও এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনও ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের পেশাজীবী সংগঠন বা অন্য কোনও সংগঠনকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সাংগঠনিক নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল ইসি।  গত ১২ জানুয়ারি ইসি এ নির্দেশনা দেয়। তবে সেই নির্দেশনার দুই দিন পরই বায়রাকে নির্বাচনের অনুমতি দেওয়া হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম