দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন। মাহিম স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, রোববার রাতে কাজলা স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

-699296ef89af5.jpg)