‘জলাবদ্ধতা-ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে’
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম
প্যারিস খাল পরিদর্শন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রভাব নিয়ন্ত্রণে বন্ধ ও ভরাট হয়ে যাওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে।
সোমবার (২ মার্চ) সকালে মিরপুর ১১ নম্বর এলাকার প্যারিস খাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রশাসক বলেন, পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে পর্যায়ক্রমে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুবিধা একসঙ্গে নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, ‘সাংবাদিক ও সাধারণ জনগণের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।’
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, দীর্ঘদিন বেদখলে থাকা খালগুলো উদ্ধার করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খালগুলো দখলমুক্ত করা হবে।
পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘বৃষ্টি হলেই এই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও প্রয়োজনীয় গভীরতা বজায় রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
