নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষণকারীর যাবজ্জীবন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০২০ সালে রাজধানীর বনানীতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ১২ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষণকারী নাসির সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামী রাজধানীর বনানীর কড়াইল বস্তির মোকসেদ সিকদার ও মিনারা বেগমের ছেলে। রায় ঘোষণার পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। বিচারক দণ্ডিতকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এই দুই লক্ষ টাকা দণ্ডিতের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ হতে আদায় করে ভিকটিমকে প্রদান করার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া ভিকটিমকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগেও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় দণ্ডিত নাসির সিকদারকে।
মামলার ঘটনায় জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দুপুরে পূর্ব পরিচয়ের সুবাদে নাসির সিকদার বার বছরের ভিকটিম মেয়েটিকে কড়াইল বস্তির নিজ রুমে ডেকে নেয়। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে। ফলে শিশুটি অন্তঃস্বত্তা হয়ে যায়। এই ঘটনায় শিশুটির পিতা নাসির সিকদারকে আসামি করে বনানী থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে ছয়জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্য দেন।

