মাদক কারবারিতে বাধা
ডেমরা থানা মৎসজীবী দলের ২ নেতাকে কুপিয়ে জখম
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
প্রতীকি ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এলাকায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় রাজধানীর ডেমরা থানা মৎসজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম সুমনকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত স্থানীয় মাদক কারবারিরা।
এ ঘটনার ডেমরা থানায় মামলা দায়েরের পর আসামি গ্রেফতারের দাবিতে প্রতিবাদ জানিয়ে এলাকায় মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও পঞ্চায়েত কমিটিসহ ডেমরা থানা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতারা।
এদিকে মাদক কারবারিদের হামলার ওই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন ঢাকা মহানগর মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনের সঞ্চালনায় দলটির সভাপতি এসএম শাহ আলমের সভাপতিত্বে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভাপতির বক্ত্যবে এসএম শাহ আলম বলেন, ডেমরায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় ডেমরা থানা মৎসজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম সুমনকে গত ৪ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে ডেমরার সারুলিয়ার টেংরা আলেপখান রোডে ১০/১২ জনের একটি মাদক ব্যাসায়ী সিন্ডিকেট দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এ হামলায় জড়িতদের পুলিশ এখনো গ্রেফতার করছে না। এতে করে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে।
তিনি বলেন, আমরা জানিয়ে দিচ্ছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ডেমরা থানা মৎসজীবী দলের নেতাদের উপর মাদক কারবারিদের বর্বোরচিত হামলায় জড়িতদের গ্রেফতার না করলে থানা ঘেরাও করবো।
এছাড়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেমরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসহ এলাকাবাসীরা। এ ঘটনার প্রতিবাদে পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটির উদ্যোগে এলাকাবাসীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন।
এ ঘটনায় গত ৬ জুলাই দিবাগত রাতে ডেমরা থানায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন ১১ জনসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলো- মো. লিটন ওরফে কাইল্লা লিটন, মনা, বিল্লাল, রাজু, আশরাফ, আলম, মিলন, ইন্দ্র, ডিজে জাহাঙ্গীর, সবুজ ও কবির। এরা সকলেই সারুলিয়া টেংরা এলাকার বাসিন্দা। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আসামিদের গ্রেফতার না করায় ইতোমধ্যে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
এ বিষয়ে ডেমরা থানা বিএনপির আহবায়ক এস.এম. রেজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামান বলেন, এলাকায় মাদক কারবারিরা ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের দুই আহবায়ককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে থাকা সত্বেও অজানা কোনো কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না, তা বুঝতে পারছিনা।
এ বিষয়ে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আসামিদের আইনের আওতায় আনার ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।

-6a4e684d68481.jpg)
