Logo
Logo
×
   

রাজধানী

গ্রেফতারের ভয়ে কুর্নিশে আশ্রয়, ৮ তলা থেকে পড়ে গসিক কর্মকর্তার মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

গ্রেফতারের ভয়ে কুর্নিশে আশ্রয়, ৮ তলা থেকে পড়ে গসিক কর্মকর্তার মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে নিজ বাসার আটতলা থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের (গসিক) হিসাব কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে গাজীপুরে দায়ের করা একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানা কার্যকর করতে পুলিশ তার বাসায় গেলে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধেশ্বরী রোডের ৬৩/বি নম্বর র্যাংস গার্ডেন প্যালেস ভবনে ঘটনাটি ঘটে। নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী রওশন আরা বেগমকে নিয়ে বসবাস করতেন। তাদের একমাত্র ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, গাজীপুরে দায়ের হওয়া একটি সিআর মামলায় নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানা কার্যকর করতে রাতে পুলিশ তার বাসায় যায়। তবে ফ্ল্যাটে তার স্ত্রীকে পাওয়া গেলেও নজরুল ইসলামকে প্রথমে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম ফ্ল্যাটের পেছনের দরজা দিয়ে বের হয়ে ভবনের বেলকনির কার্নিশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এছাড়া পাশের ফ্ল্যাটে যাওয়ারও চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি আটতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. উজ্জ্বল আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .