‘দায়িত্বশীল যুবসমাজ সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেছেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজই একটি নৈতিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি।
তিনি বলেছেন, দেশে শিরক, বিদআত ও কুসংস্কার দূর করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস একটি নিবেদিতপ্রাণ, ত্যাগী ও যুগসচেতন কর্মীবাহিনী গড়ে তুলতে চায়, যারা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আইডিইবি ভবনে জমঈয়তে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘কুরআন ও সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ জাতি গঠন আমাদের নিরন্তর প্রয়াস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কেন্দ্রীয় কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী ও দায়িত্বশীলরা অংশ নেন।
সম্মেলনে গেস্ট অব অনার ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বাল্লাহিল বাকী আল-নদভী ও পদ্মা গ্রুপের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহীল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, যুবসমাজের দায়িত্ব এবং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে আদর্শ সমাজ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া দেশব্যাপী দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি উপস্থাপন করা হয়।
বক্তারা বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজই একটি নৈতিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি। সেই লক্ষ্য বাস্তবায়নেই জমঈয়তে শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ ধারাবাহিকভাবে কর্মী গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
