Logo
Logo
×

রাজধানী

পিছিয়ে থাকা ব্র্যান্ডগুলো তুলে আনার উদ্যোগ

যমুনা ফিউচার পার্কে ফ্লাস সেল মেলা শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১০:৪৩ পিএম

যমুনা ফিউচার পার্কে ফ্লাস সেল মেলা শুরু

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ‘যমুনা গ্রুপ’ এবার পিছিয়ে থাকা ব্র্যান্ডগুলোকে টেনে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্ট লোয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে ‘ফ্লাস সেল’ মেলা। এতে ১৯টি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড বিনামূল্যে মেলায় অংশ নিয়ে ১০-৭০ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি করছে। রাতহাজ ফ্যাশনের পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে কাল রোববার পর্যন্ত।

শুক্রবার মেলার প্রথম দিনই ক্রেতা সাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পছন্দসই পণ্য কিনে বাড়ি ফিরেছেন অনেকেই।

মেলাসংশ্লিষ্টরা জানান, যমুনা ফিউচার পার্ক শপিংমলের যে সব ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ব্র্যান্ডিংয়ে পিছিয়ে পড়েছে, তাদের জন্যই এ আয়োজন। এর মাধ্যমে বিনামূল্যে প্রতিষ্ঠানগুলো পণ্যের ব্র্যান্ডিং করতে পারছে। ক্রেতাদেরও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিক্রিও বেশ ভালো। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি খাবারের স্টলসহ মোট ১৯টি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড এই মেলায় অংশ নিয়েছে।

এদিকে মেলায় ৩৫ ডিজাইনের জুতা, মানিব্যাগ, বেল্টসহ চামড়াপণ্য নিয়ে অংশ নিয়েছে ক্রিসেন্ট। এর ক্যাশিয়ার আমজাদ হোসেন যুগান্তরকে বলেন, ১৫ ধরনের জুতা ও নিত্যব্যবহার্য পণ্যে ৫০ শতাংশ ছাড়ে বিক্রি করছি। পাশাপাশি বাকি সব ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। সকাল থেকেই ক্রেতারা স্টলে ভিড় করছেন। বিক্রিও হয়েছে ব্যাপক। আশা করছি, ক্রেতাসাধারণের আরও সাড়া পাব।

বুটিক্স ল্যাবের দায়িত্বে থাকা ইসরাত জাহান বলেন, মেলা উপলক্ষ্যে আমাদের ব্র্যান্ডের পোশাকে ৩০ শতাংশ ছাড় চলছে। সকাল থেকে ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ করে পোশাক কিনছেন। একদিকে যেমন বিক্রি বেড়েছে, অন্যদিকে ব্র্যান্ডের প্রচার বাড়ছে।

আরএস লেদার বিডি চামড়ার তৈরি জুতা, বেল্ট, মানিব্যাগ মেলায় প্রদর্শন করছে। ক্রেতারা ভিড় করছে আসল চামড়ার পণ্য কিনতে। এসব পণ্যে ১৫ শতাংশ ছাড় থাকায় ব্যাগ ভরে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। স্টলের দায়িত্বে থাকা হৃদয় যুগান্তরকে বলেন, মেলায় বিক্রি ভালো হচ্ছে। শপিংমল কর্তৃপক্ষের এমন আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক।

মেলায় নতুন বাজার থেকে আসা ন্যান্সি যুগান্তরকে বলেন, যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে এসেছিলাম। হঠাৎ লোয়ার গ্রাউন্ডে ওয়েস্ট কোর্টে এসে দেখি বিশাল ছাড়ে মেলা চলছে। দামও অনেক কম। তাই দেরি না করে কেনাকাটা করে নিয়েছি।

যমুনা ফিউচার পার্ক যমুনা গ্রুপ মেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম