Logo
Logo
×

রাজধানী

হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম

হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫

পূর্বশত্রুতার জেরে রাজধানীর হাজারীবাগে বেড়িবাঁধসংলগ্ন কালু নগর এলাকার রওশন আরা নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার ভোর ৪টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ রাসেল, সুমন গাজী, সাদ্দাম হোসেন, মোহাম্মদ রাজু শেখ, ফাহিম। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি যুগান্তরকে বলেন, এ ঘটনায় একটা হত্যা মামলা হয়েছে। ইতোমধ্যেই কালু নগর সিটি করপোরেশন ময়লার ভাগাড়ের পেছন থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে তিন-চারজন দুর্বৃত্ত রওশন আরার বাসায় প্রবেশ করে। এ সময় তারা রওশনের ছেলেকে মারধর করে। রওশন তার ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে লাঠি দিয়ে পেটায় দুর্বৃত্তরা। তাদের লাঠির আঘাতে মাথা ফেটে যায় তার। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রওশন আরার মেয়ে রুনা আক্তার যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে প্রতিপক্ষের ৩-৪ জন আমাদের ঘরে প্রবেশ করে ও আমার মাকে মারধর করে। এতে মা গুরুতর অসুস্থ হয়ে যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা আমার মাকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম