Logo
Logo
×
   

রাজধানী

বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৪:২৮ এএম

বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি

রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে মোহাম্মদ জামাল হোসেন (৪০) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে গুলি করেছেন দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলছে।

বিষয়টা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন। তিনি বলেন, জরুরি বিভাগে জামাল হোসেনের চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আহত জামাল হোসেনের ভাই মো. সজল বলেন, জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রাত ৮টার দিকে সংগঠনের অফিস ক্লাবের সামনে যান। এ সময় অজ্ঞাত দুজন ব্যক্তি মুখোশ পরে সামনে থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে আসি।

তিনি জানান, আহত জামাল হোসেন মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়ার্টারে থাকেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .