Logo
Logo
×

সারাদেশ

পুলিশের টহলগাড়িতে সন্ত্রাসীদের গুলি, এএসআইসহ আহত ৩

Icon

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

পুলিশের টহলগাড়িতে সন্ত্রাসীদের গুলি, এএসআইসহ আহত ৩

কক্সবাজারের মহেশখালীতে গভীর রাতে পুলিশের টহলগাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে এএসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। 

গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন মহেশখালী থানার এএসআই মো. সেলিম (৪০), কনস্টেবল মোহাম্মদ সোহেল (৪২) এবং মোহাম্মদ মাসুদ (৩৫)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে কালারমার ছড়া-মাতারবাড়ি নতুন সংযোগ সেতুর পূর্বপাশে আফজালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর সংযোগ সড়কের ওই অংশে একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প থেকে বিভিন্ন পণ্য পরিবহনকারী গাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও চাঁদাবাজি করে আসছিল তারা। রাতে এ ধরনের একটি পরিবহন গাড়ি আক্রান্ত হয়েছে খবর পেয়ে টহলরত পুলিশ দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের গাড়ি দেখেই সন্ত্রাসীরা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এক পর্যায়ে হামলাকারীরা সেতুর নিচ দিয়ে হেটে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে মাতারবাড়ি পুলিশ ক্যাম্প থেকে একদল পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বদরখালীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের চকরিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। 

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, পুলিশের একাধিক টিম ওই এলাকায় অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

এদিকে ভোরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে র‍্যাবের একটি বড় দল এসে পুলিশকে সঙ্গে নিয়ে কালারমার ছড়ার পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, এ অভিযানে একাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

মহেশখালী থানার ওসি মো. মনজুরুল হক জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম