সাগরে ২৪ ঘণ্টা ভেসে থেকে বাড়ি ফিরলেন ১৪ জেলে
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মহেশখালী থেকে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর প্রাণে বেঁচে ফিরেছেন ১৪ জেলে। শুক্রবার তারা বাড়ি ফেরায় স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জেলেরা জানান, উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার জালাল মিয়া বহদ্দারের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলার নিয়ে সপ্তাহ আগে তারা মাছ ধরতে যান। সমুদ্রের আট বিও গুলিরদ্বার পয়েন্টে মাছ শিকারের পর অন্য এলাকায় যাওয়ার পথে দিকভ্রান্ত হয়ে পড়েন ট্রলারের মাঝি আব্দুস সালাম। একপর্যায়ে ট্রলারটি হাতিয়ার কাছাকাছি পৌঁছায়।
বুধবার রাতে হঠাৎ একটি অজ্ঞাত বড় ট্রলারের ধাক্কায় এফবি মায়ের দোয়া ডুবে যায়। এ সময় জীবন বাঁচাতে ট্রলারে থাকা ১৪ জেলে ছোট ছোট ট্যাংক আঁকড়ে ধরেন এবং সেগুলো একসঙ্গে বেঁধে ঢেউয়ের তোড়ে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকেন। ২৪ ঘণ্টা এভাবে ভেসে থাকার পর বৃহস্পতিবার হাতিয়ার একটি জেলে ট্রলার তাদের উদ্ধার করে। পরে চট্টগ্রাম উপকূলে নামিয়ে দিলে শুক্রবার ভোরে তারা বাড়ি ফিরে আসেন।
মাঝি আব্দুস সালাম বলেন, আমাদের ট্রলার হাতিয়ার এলাকায় পৌঁছানোর আগে কয়েকটি ট্রলারে দস্যুতা হয়েছিল। হয়তো সেই কারণেই আমাদের ট্রলারকে ডাকাতের ট্রলার ভেবে বড় ট্রলারটি ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়েছে।
