ডাকসু ভিপি
৭ অক্টোবরকে ‘আগ্রাসন বিরোধী দিবস’ ঘোষণা করা হবে
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন শোষণ, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার শাহাদাতের মধ্য দিয়েই দেশে গণজাগরণের সূচনা হয়েছিল।
তিনি বলেন, ডাকসুর পক্ষ থেকে ৭ অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হবে। একইসঙ্গে দেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকেও ওইদিনকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এর আগে রাত ১১টা ৫ মিনিটে আবু সাদিক কায়েম দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে আবরারের কবর জিয়ারত করেন। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ, ইসলামী ছাত্রশিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। জিয়ারতের পর তিনি কান্নায় ভেঙে পড়েন এবং আবরারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
সাদিক কায়েম আরও বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে গণরুম কালচার চালু করে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিয়েছিল। আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদের হত্যা বৈধ মনে করা হয়েছিল। পুরো বাংলাদেশ ভারতের সাবলেট কলোনিতে পরিণত হয়েছিল, যেখানে সব সিদ্ধান্তই নেওয়া হতো ভারতের প্রেসক্রিপশনে।
তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে আবরার ফাহাদকে হত্যা করা হয়। ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে মত প্রকাশ করার কারণেই তাকে হত্যার শিকার হতে হয়।
পরে রাত ১২টার দিকে ভিপি আবু সাদিক কায়েম কুষ্টিয়া শহরের কাটাইখানার মোড়ে আবরার ফাহাদ লাইব্রেরি পরিদর্শন করেন। সেখানে শিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

