পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ উদ্ধার ৩৮
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২ জন মানবপাচারকারীকে আটক করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সময় যৌথবাহিনী ২ জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে কোস্টগার্ড।
