Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীরের আস্তানা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীরের আস্তানা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় জাহাঙ্গীরের আস্তানা থেকে জেলেদের উদ্ধার করা হয়।

এ সময় কোস্টগার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। পরে দস্যুদের একটি নৌকা তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)। উদ্ধার জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।

কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ-বিসিজিএস তৌহীদের নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার জেলেদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম