সমবায় সমিতির ৪ কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের বিক্ষোভ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিজেদের গচ্ছিত অর্থ ফেরত পেতে কুড়িগ্রাম জেলার চিলমারীতে বেসরকারি দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সহস্রাধিক প্রতারিত ভুক্তভোগী।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার জোড়গাছ নতুন বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।
উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকায় দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির নামে একটি সংগঠন ২০০৭ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়। ওই বছরই উপজেলা সমবায় অফিস থেকে রেজিস্ট্রেশন পায় সমিতিটি।
সমিতির নাম করে একটি চক্র প্রায় ৩ হাজার সদস্য নিয়ে লোক দেখানো ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে। সমিতিতে টাকা রাখলে উচ্চ হারে লভ্যাংশ প্রদানের লোভ দেখিয়ে বিভিন্ন মেয়াদে তারা ৩-৪ কোটি টাকা হাতিয়ে নেয়। তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
নিজেদের গচ্ছিত অর্থ নিতে গেলে সদস্যদের অনেক দিন ধরে বিভিন্ন রকম তালবাহানা করে আসছে সমিতির কর্তৃপক্ষ। নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রতারিত সহস্রাধিক ভুক্তভোগী।
ছকিনা বেগম জানান, তিনি ভিক্ষা করে এবং মাটি কাটার কাজ করে গচ্ছিত সাড়ে ৬ লাখ টাকা ওই সমিতিতে রেখেছেন। সেই টাকা ফেরত না পেয়ে তিনি এখন পাগল প্রায়।
খড়খড়িয়া এলাকার রিপন মিয়া ২ লাখ ৩০ হাজার টাকা, থানাহাট সবুজপাড়া এলাকার জয়ন্ত রায় জয়ন ১ লাখ ২২ হাজার টাকা, সরকারপাড়া এলাকার এরশাদুল হক ৮০ হাজার টাকা, জোড়গাছ সাত ঘড়িপাড়া এলাকার সুফিয়ার ১ লাখ ২৮ হাজার টাকা, একই এলাকার জোলেখা বেওয়ার ১ লাখ ৪৮ হাজার টাকা, কসভান বেওয়ার ৬০ হাজার টাকা, মিম আক্তারের ৩৬ হাজার ৫০০ টাকাসহ প্রায় ৩ হাজার গ্রাহকের কাছ থেকে ৩ থেকে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা জানান তারা।
দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নুর আলম জানান, সমিতির পরিচালক আনিসুর রহমান আনিস এবং মিল্টন অর্থ উত্তোলনকারী ১৭ জন কর্মচারীর কাগজপত্র তাদের জিম্মায় নেওয়ায় আমরা হিসাব দিতে পারছি না। তবে এক সপ্তাহ আগে সাড়ে ৩৩ শতাংশ জমি ৯৫ লাখ টাকা পরিশোধের জন্য সাতটি দলিল মূলে দেওয়া হয়েছে। বাকি গ্রাহকদের পরিশোধ করার মতো অর্থ সমিতিতে নেই।
সমিতির পরিচালক (ঋণ) আনিসুর রহমান আনিসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

