ঘরে ঢুকে বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে জখম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) দিনগত রাতে ইউনিয়নের লিংকরোড বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলযোগে চার যুবক এসে ঘরে ঢুকে লিয়াকত আলীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর অভিযোগ করেন, লিয়াকত আলী লিংকরোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শহর ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিএনপি নেতা লিয়াকত আলী নিজেও যুগান্তরকে জানান, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী আবদুল খালেক, কুদরত উল্লাহ ও সাহাব উদ্দিনকে তিনি চিনতে পেরেছেন।
স্থানীয়রা জানান, লিয়াকত আলীর সঙ্গে আবদুল খালেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। উভয়পক্ষের পালটাপালটি মামলা রয়েছে। অতীতে দুর্বৃত্তদের গুলিতে আবদুল খালেকের স্ত্রী খুন হন। এ ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, লিয়াকত আলী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিসিক এলাকায় গ্রেফতার অভিযান শুরু করে। তবে রাত ১১টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং মামলা হয়নি।
এদিকে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও স্থানীয় যুবদল নেতা জয়নাল আবেদীন জানান, হামলাকারীরা লিয়াকতকে গুলি করার পাশাপাশি ঘরের এক নিরাপত্তাকর্মীর পায়ের রগ কেটে দেয়। তাকেও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে হামলার প্রতিবাদে রাতে স্থানীয় বিএনপি ও যুবদল কর্মীরা লিংকরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

-689dd5351ca12-68e33653c589b.jpg)
