আ.লীগ নেতা চন্দনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেরপুর (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে শেরপুর জেলা দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তিতর্ক ও শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি ওই আদালতের পিপি আব্দুল মান্নান নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানায়, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ ছয় মামলায় উচ্চ আদালত থেকে এবং সর্বশেষ আরও একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা দায়রা আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে কারাগার থেকে ছাড়া পান। এরপর থেকে রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। গুঞ্জন ওঠে তিনি ১০ কোটি টাকার বিনিময়ে গোপনে জামিনে ছাড়া পেয়ে দেশত্যাগ করছেন।
এই গুঞ্জন এবং আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) বিকালে রাষ্ট্রপক্ষ আদালতে আবেদনে জানায়, অন্তর্বর্তীকালীন জামিনে থাকা চন্দন কুমার পাল যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাই পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়।
এদিকে চন্দন কুমার পালের জামিন ও দেশত্যাগের গুঞ্জনের ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ সাত দফা দাবিতে সোমবার ৬ অক্টোবর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা।
পরে পরিস্থিতি স্বাভাবিক করতে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবিগুলো সরকারের উচ্চপর্যায়ে দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর আশ্বাস দেন। পরে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। তবে তারা আলটিমেটাম দেন যদি চন্দন কুমার পালকে জামিন বাতিল করে গ্রেফতারসহ যারা জামিনকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
