Logo
Logo
×

সারাদেশ

বেনাপোল বন্দরে মঙ্গলবার বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

বেনাপোল বন্দরে মঙ্গলবার বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। পাশাপাশি দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপারও স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সোমবার বিকাল থেকেই সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে এবং বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ভারতে কালীপূজার ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতগামী ও আগত যাত্রীরা নিয়মমাফিক পারাপার করতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, মঙ্গলবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বাংলাদেশ অংশে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম সচল থাকবে। ভারত থেকে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।

দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে আমদানিকৃত মোট পণ্যের প্রায় ৯০ শতাংশই এ বন্দর দিয়ে আসে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আমদানির সুযোগ এবং কলকাতা থেকে বেনাপোলের মাত্র ৮৮ কিলোমিটার দূরত্ব এ বন্দরটিকে ব্যবসায়ীদের কাছে সবচেয়ে জনপ্রিয় করে তুলেছে। তবে ধর্মীয় উৎসবের কারণে যখন আমদানি-রপ্তানি বন্ধ থাকে, তখন শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও বাজারে তার প্রভাব পড়ে। দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় থাকে, যার মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, পচনশীল পণ্য ও রপ্তানি উপযোগী জিনিসপত্র থাকে।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম