Logo
Logo
×

সারাদেশ

পাগলা শিয়ালের কামড়ে এক দিনেই ৪ গ্রামের ২২ জন আহত

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

পাগলা শিয়ালের কামড়ে এক দিনেই ৪ গ্রামের ২২ জন আহত

শেরপুর সদর উপজেলার চার গ্রামে পাগলা শিয়ালের আক্রমণে অন্তত ২২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সকাল থেকে দুপুরের মধ্যে পাগলা শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে চারজনকে, এরপর গিদ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নকশি গ্রামে চারজনকে এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে চারজনকে কামড়ে আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত সবাইকে অ্যান্টি-র্যাবিশ ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গির্দ্দাপাড়া গ্রামের সুরুজ আলী ও জাফর মিয়া বলেন, তাদের ভাতিজা বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শিয়াল তার পায়ে কামড় দেয়।

পাঞ্জরভাঙ্গা গ্রামের সেকান্দর জানান, আমাদের গ্রামে চারজনকে এই পাগলা শিয়ালটি কামড় দিয়েছে। তারা রাস্তা হেঁটে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ শিয়াল এসে তাদের কামড়ায়। এতে শরীরে মারাত্মক জখম হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ হতে সতর্কতা জারি করা হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ ক্রান্তি বলেন, শিয়ালটি খুব সম্ভবত জলাতঙ্ক (র্যাবিশ) রোগে আক্রান্ত হয়ে পাগল হয়েছে। রোগীদের তাৎক্ষণিক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ও সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওই সব এলাকায় চলাচল না করার পরামর্শও দেন তিনি।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা আঁখি বলেন, কিছুদিন ধরেই হাসপাতালে কুকুর ও শিয়ালের কামড়ের রোগীর সংখ্যা বেড়ে চলছে। আমি এসে ১৪ জন শিয়ালে কামড়ানো রোগী পেয়েছি। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম