Logo
Logo
×

সারাদেশ

মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজন গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজন গ্রেফতার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শফিকসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে র‍্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান-১ থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো—শফিক (২৪) ও রাশেদ (২২)। তারা মূলত বরিশালের মুলাদী উপজেলার উত্তর গাছুয়া গ্রামের বাসিন্দা, বর্তমানে ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায় অবস্থান করছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর মায়ের কাছে আসামিদের ৪ লাখ টাকা পাওনা ছিল। সেই টাকার বিনিময়ে তারা একসময় একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল। পরবর্তীতে টাকা পরিশোধের পর স্ট্যাম্পটি ফেরত চাইলে আসামিরা নানা অজুহাতে তা ফেরত দিচ্ছিল না। ৭ নভেম্বর সকাল ১১টায় আসামিরা ভুক্তভোগীকে ফোনে জানায়, তারা স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফিরিয়ে দেবে। 

কথা অনুযায়ী তরুণী সাইনবোর্ড এলাকায় গেলে আসামিদের একজন বলে দলিলটি তার বোনের বাসায় আছে, সেখান থেকে আনতে হবে। তরুণী মাইক্রোবাসে উঠার পর সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দশপাইপ এলাকায় পৌঁছালে বাসটি ফাঁকা স্থানে থামিয়ে আসামিরা তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

র‍্যাব-১১ এর অপারেশন অফিসার গোলাম মোর্শেদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম