Logo
Logo
×

সারাদেশ

মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্রলারডুবি, ২ যুবক নিখোঁজ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্রলারডুবি, ২ যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলারডুবির ঘটনায় দুই যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই দুই যুবকের নাম- রানা ও শুভ। তাদের নাম ছাড়া বিস্তারিত তেমন কোনো পরিচয় জানা সম্ভব হয়নি।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ওই দুই যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রলারে দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ নামের দুই যুবক। পরে তারা দুপুর ২টার দিকে মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন। বিকাল সাড়ে ৩টার দিকে ট্রলারটির নিচের দিকের তলা ফেটে সিমেন্টসহ ওই দুই যুবক পানির নিচে তলিয়ে যান।

বৈদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝনদীতে গিয়ে অবস্থানকালে পানির নিচে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী কাজ করছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে তা তলিয়ে গেছে। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, তাদের কাছ থেকে সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে তারা চলে যান। ভোরে তারা বরিশালের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম