অটোভ্যান বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন বাসচালক, হতাহত ১১
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের কালকিনিতে একটি অটোভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা কুন্ডুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে কুন্ডুবাড়ি এলাকায় পৌঁছালে একটি অটোভ্যান বাসের সামনে এসে পড়ে। ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারেন। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং একজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন। এ সময় বাসের সামনের অংশের চাপা পড়ে আটকে থাকে সুপার ভাইজার।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নেয়। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘন্টা পর হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানায় স্থানীয়রা।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, খবর পেয়ে আমরা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির আহত যাত্রীদের উদ্ধার এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। তবে নিহতের পরিচয় মেলেনি।

