বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত
বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানে বন্যহাতির আক্রমণে আব্দুল হক নামে এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাবার গাছের কষ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিড়ি রাবার বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বন্যহাতি আব্দুল হকের ওপর হামলা চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুল হক (৪০) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসনপাড়ার বাসিন্দা মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
খবর পেয়ে তার ছেলে, ভাই আব্দুল হাকিম এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমান বলেন, বন্যহাতির আক্রমণে কেউ মারা গেলে নিয়ম অনুযায়ী মামলা ও তদন্ত হবে। বন্যপ্রাণী আইনের বিধান অনুযায়ী নিহতের পরিবার ক্ষতিপূরণ পাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
