শিশুসহ ৩০ কিশোর-কিশোরী দেশে ফিরল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে শিশুসহ ৩০ জন কিশোর-কিশোরী।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় এবং পরে কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। পরে দুই দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে আজ তারা দেশে ফিরে এসেছে।
মহিলা আইনজীবী সমিতিসহ তিনটি এনজিও সংস্থা এদের থানা থেকে গ্রহণ করা হবে। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। কেউ আইনি সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করা হবে।
সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, আজকে ১১ জন শিশুসহ ৩০ জন কিশোর-কিশোরী দেশে ফিরে এসেছে। তারা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর আটক হয় সেই দেশের পুলিশের হাতে। এদের বাড়ি খুলনাসহ বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
