দৌলতপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে গণ সমাবেশে ও গণমিছিল করেছেন দলীয় নেতাকর্মী-সমর্থকসহ উপজেলার সাধারণ মানুষের একটি বড় অংশ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪টার দিকে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গণসমাবেশ ও সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মিছিলে উপজেলার অন্তত ১৫ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসমাবেশে বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, দৌলতপুর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রিপন মাস্টার, দৌলতপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু।
বক্তারা বলেন, গত ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দৌলতপুর উপজেলার যাকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০০১ সাল পরবর্তী সময়ে তার পিতার মন্ত্রিত্ব চলে গিয়েছিল। তিনি দীর্ঘ আওয়ামী দুঃশাসন আমলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থি ছিলেন। এ ছাড়া ৫ আগস্টের পর তার বাহিনী নানা অপকর্ম করেছে। মুষ্টিমেয় কিছু ব্যক্তি ছাড়া দলের সুশৃঙ্খল মানুষজন ও সাধারণ মানুষজন এই প্রার্থীর নাম শুনলে ভয় পায়। যা সুষ্ঠু তদন্ত করলে পাওয়া যাবে। আগামী নির্বাচনে তিনি প্রার্থী থাকলে দৌলতপুরের এই আসনটি বিএনপি হারাতে পারে। তাই জনমতের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রার্থিতার পরিবর্তন চাই।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আলী, আনন্দ হক, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, দৌলতপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, নূর আমিন, জিল্লুর রহমান, ডাবলু ইসলাম, বুলবুল হোসেন, সমবায় দলের সদস্য সচিব তারাচাদ, রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল বিশ্বাস, পিয়ারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজি, প্রাগপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, খলিশাকুন্ডি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাচান রবিন, যুব নেতা মারুফ হোসেন, মিঠন আলী, রাজন আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
