Logo
Logo
×

সারাদেশ

ইয়াবা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ রোহিঙ্গার যাবজ্জীবন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

ইয়াবা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিরাজুল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোস্তফা ও কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার সোনা মিয়া।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গফুর (৩৫) এবং মো. আইয়ুব প্রকাশ তৈয়ব।

এ মামলায় রামুর রাজারকুল এলাকার আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে।

পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কক্সবাজারে অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনায় ডিবির তৎকালীন পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেন।

একই বছরের সেপ্টেম্বরে মামলার অভিযোগপত্র দাখিল করা হলে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।

তিনি আরও জানান, মামলার বিচার চলাকালে পাঁচজনই বিভিন্ন সময়ে জামিনে বের হয়ে যান। রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম