Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর ওপর হামলা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর ওপর হামলা

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয়।

স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ববাজার এলাকায় বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে। 

আহত বসু কোম্পানী বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। 

অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার রাজনৈতিক পদ-পদবি জানা যায়নি।

ভুক্তভোগীরা জানান, মান্দারীর মটবি এলাকায় এলজিইডির প্রায় ১ কোটি টাকা বরাদ্দে একটি রাস্তা সংস্কারের কাজ চলছে। ওই কাজ নিয়েই বাহার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে; কিন্তু বসু কোম্পানী ওই টাকা দিতে রাজি হয়নি। চাঁদার টাকা না দেওয়ায় ঘটনার সময় অনুসারীদের নিয়ে বসু কোম্পানীর ইটভাটায় যায়। সেখানে বসুর মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে বাহার পিস্তল ঠেকিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তারা চলে যায়। আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আবুল বাশার বসু কোম্পানী বলেন, রাস্তার কাজের জন্য ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে বাহার। ওই টাকা না দেওয়ায় ইটভাটায় ঢুকে হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা করেছে। 

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন মাহমুদ বলেন, বাহার চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী। তিনি মূলত আমাকে মারতেই এসেছিল এবং আমাকে পিস্তল ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাসার বসু কোম্পানীকে মারধর করেছে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম