Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণের পর হত্যা, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

ধর্ষণের পর হত্যা, দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারীতে ধর্ষণের পর হত্যার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ।

সাজাপ্রাপ্তরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর কাঙ্গালুপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক এবং একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম ওরফে শুভ।

মামলার আরজি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া-বিবাদ করে বাবার বাড়িতে চলে আসেন। পরের দিন অর্থাৎ ২০২০ সালের ২১ আগস্ট ভোর সাড়ে ৫টা থেকে তাকে কোথাও খুঁজে পাননি তার মাসহ বাড়ির অন্যরা।

২০২০ সালের ২২ আগস্ট সকাল ৮টার দিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর মৎস্য খামারের পেছনে একটি জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সৈয়দপুর থানায় মামলা করেন মৃত গৃহবধূর মা। মামলা দায়েরের পর থেকেই নিবিড়ভাবে তদন্ত কার্যক্রম শুরু করে সৈয়দপুর থানা পুলিশ।

পুলিশি তদন্তে প্রকাশ পায়, গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা করেছে সাজাপ্রাপ্তরা।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো সোমবার জানান, গৃহবধূ হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে মোট ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম