খেলা করে বাড়ি ফেরার সময় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের মাইজবাড়ি পূর্বপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে কাটা মাটি পরিবহণে ব্যবহৃত ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম স্বাধীন (১৪) পূর্ব মাইজবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। সে মাইজবাড়ি আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন বিকালে মাঠ থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরছিল- এমন সময় দ্রুতগতির একটি অবৈধ ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে পুরো এলাকা।
এলাকাবাসী অভিযোগ করেছেন—শাহিন সিন্ডিকেটের অবৈধ মাটি ব্যবসার বিষয়ে বহুবার প্রশাসনকে জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না।
স্বাধীনের পরিবার ঘাতক ট্রলি, চালক এবং শাহিন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম যুগান্তরকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক ট্রলিটি শনাক্ত করা হয়েছে, ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
