Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়ার সহ-সভাপতি সোহেল গ্রেফতার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়ার সহ-সভাপতি সোহেল গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ইব্রাহিম হোসেন সোহেল (৩০) নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পাটগাতী গ্রামের সোহরাব ফকিরের ছেলে।

টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বলেন, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই ঘটনার তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তারপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই মনির হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০৫ জন নামীয়সহ অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম